রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার একদিন পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তারা কলেজ ক্যাম্পাস পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ তোলেন। পরে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে দুই উপদেষ্টা স্কুলের একটি ভবনে পাঁচজন শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় বসেন।
এদিকে সকাল ১০টা থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিমান বিধ্বস্ত হয়ে সহপাঠীদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন। মুহূর্তেই মিছিল, স্লোগান ও প্রতিবাদে মুখর হয়ে ওঠে এলাকা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, নিহতের প্রকৃত সংখ্যা গোপন করা হচ্ছে, যা মেনে নেওয়া সম্ভব নয়।
‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এই স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা সড়কে বসে পড়েন। পুলিশের একাধিকবার সরে যাওয়ার আহ্বান সত্ত্বেও তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।
🔻 শিক্ষার্থীদের ছয় দফা দাবি:
- নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ
- আহতদের নির্ভুল তালিকা প্রকাশ
- শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
- ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান
- ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল
- বিমান প্রশিক্ষণ ব্যবস্থার সংস্কার
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ঐ ভবনে তখন বহু শিক্ষার্থী উপস্থিত ছিল, যাদের অনেকেই হতাহত হয়েছে।