রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য সর্বাত্মক সহায়তা নিশ্চিত করছে সরকার।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতদের নাম-পরিচয় যাচাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব নয়, সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের প্রক্রিয়া চলছে।
ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু মহল থেকে দাবি করা হচ্ছে যে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। সরকার এ ঘটনায় কোনো তথ্য গোপন করছে না।”
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহত ও নিহতদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রস্তুতের লক্ষ্যে সরকার, সশস্ত্র বাহিনী, স্কুল কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।
জনসাধারণের উদ্দেশে বলা হয়েছে, দুর্ঘটনায় যদি কোনো পরিচিত ব্যক্তি নিখোঁজ থাকেন, তাহলে অবিলম্বে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। এ লক্ষ্যে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে। এছাড়াও, বিদ্যালয়ের রেজিস্ট্রার খাতা ও অন্যান্য নথিপত্র যাচাই করে নিখোঁজদের শনাক্তের কাজ চলছে।