দেশজুড়ে বৃষ্টি থাকতে পারে ৩ দিন

০ মতামত 98 views

সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত চলছে, যা আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে, আবার কোথাও বেড়ে যেতে পারে। একইসঙ্গে সারাদেশে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে।

শনিবার (২৬ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে জুলাই মাসের বাকি দিনগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে ঢাকায় আজকের বৃষ্টির পরিমাণ গতকালের তুলনায় কিছুটা কম হতে পারে। ৩০ জুলাইয়ের পর দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে বলেও জানান তিনি।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। একই সময়ে ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ১৭ মিলিমিটার।

Leave a Comment