বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান রাষ্ট্র কাঠামো ও অর্থনীতিতে গুণগত পরিবর্তন অপরিহার্য, তবে তা একদিনে সম্ভব নয়। এ জন্য সময় ও ধারাবাহিক গণতান্ত্রিক চর্চা প্রয়োজন।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “গত ১৫ বছরে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। রাজনৈতিক কাঠামো সম্পূর্ণভাবে বিপর্যস্ত। জবাবদিহিতার অভাবে দুর্নীতি ও লুটপাট চরম আকার ধারণ করেছে। রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে গণতন্ত্রকে তার স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে এবং সবক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই একটি যুক্তিযুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। কোনো কিছু চাপিয়ে দেওয়া বা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যতীত সমাধান খোঁজা উচিত নয়।”
এ সময় তিনি কিছু রাজনৈতিক দলের প্রস্তাবিত পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিরও সমালোচনা করেন। মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানে না। তারা এমন একজন নেতাকে চায় যাকে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করতে পারে এবং যাকে কাছে পাওয়া যায়। পিআর পদ্ধতিতে সেটা সম্ভব নয়।”