গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

০ মতামত 27 views

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বেসামরিক মানুষের জন্য ত্রাণ সহায়তা আটকে দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

রোববার (২৭ জুলাই) দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী বলেন, “গাজায় যে ধ্বংসযজ্ঞ চলছে, তা একেবারেই অমার্জনীয়। আমাদের যুদ্ধের নিয়ম রয়েছে, আর তা নির্দোষ মানুষের মৃত্যু ঠেকাতেই তৈরি করা হয়েছে। ইসরায়েল খাদ্য সরবরাহ বন্ধ করে যে সিদ্ধান্ত নিয়েছে, তা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনও সংঘাতের জন্য নির্দোষ মানুষকে দায়ী করা যায় না।”

ফিলিস্তিন স্বীকৃতি নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান

ফ্রান্স সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেও অস্ট্রেলিয়া এই মুহূর্তে তেমন কোনো সিদ্ধান্তের পরিকল্পনা করছে না বলে জানান অ্যালবানিজ। তবে তিনি বলেন, উপযুক্ত শর্ত পূরণ হলে ভবিষ্যতে বিষয়টি বিবেচনায় আনবে অস্ট্রেলিয়া।

তার ভাষায়, “আমরা প্রতীকী সিদ্ধান্তে যাব না। যদি মনে করি এটি সঠিক সময় এবং পথ—তবে আমরা সিদ্ধান্ত নেব। তবে এখনই নয়। আমরা গঠনমূলকভাবে এই প্রক্রিয়ায় জড়িত থাকতে চাই।”

তিনি আরও বলেন, কার্যকর দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য গাজা ও পশ্চিম তীর পুনর্গঠন এবং অবৈধ বসতি স্থাপন ইস্যুর সমাধানও জরুরি।

গাজায় শিশু নিহতের ঘটনায় উদ্বেগ

গাজা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, “এক বছরের একটি শিশু হামাস যোদ্ধা নয়। গাজায় বেসামরিক মানুষের মৃত্যু ও ভোগান্তি অগ্রহণযোগ্য ও অমার্জনীয়।”

তিনি সব পক্ষকে যুদ্ধবিরতির মাধ্যমে মানবিক পরিস্থিতির উন্নয়নের আহ্বান জানান।

Leave a Comment