জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে প্রস্তাবিত চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয় নিয়ে আলোচনা থেকে ওয়াক আউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ আলোচনার শুরুতেই সংলাপ কক্ষ ত্যাগ করেন।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০তম দিনের শুরুতে সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), এবং ন্যায়পাল (অম্বডসম্যান) নিয়োগের বিধান নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
বেলা সাড়ে ১১টার দিকে এই বিষয়গুলো উপস্থাপন করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। এ সময় বিএনপির প্রতিনিধি সালাহউদ্দীন আহমেদ জানান, তারা এই আলোচনায় অংশ নেবেন না। এরপর তিনি সংলাপ থেকে বেরিয়ে যান।
অধ্যাপক রীয়াজ বলেন, “বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আলোচনায় অনুপস্থিত থাকবে না। কিন্তু তারা আলোচনায় অংশ নিচ্ছেন না। একটি রাজনৈতিক দল অংশ না নিলে আলোচনা করা যাবে না—এমন সিদ্ধান্ত দেওয়া আমাদের এখতিয়ারে পড়ে না।”
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “একটি বড় দল আলোচনায় অংশ না নিলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়। এমন পরিস্থিতিতে আলোচনার অগ্রগতি কঠিন।”
তবে সংলাপের সঞ্চালক মনির হায়দার বলেন, “এর আগেও একাধিক দল নোট অব ডিসেন্ট (অমতপত্র) দিয়ে আলোচনা হয়েছে এবং ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। এ ক্ষেত্রেও সে রকম উদ্যোগ নেওয়া যেতে পারে।”