আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শফিকুল আলম বলেন, “ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। পুলিশের আইজি জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচন সংক্রান্ত ট্রেনিং দেওয়া হবে।”
তিনি আরও জানান, নির্বাচনের পরিবেশ ঘিরে প্রচুর ডিসইনফরমেশন বা অপপ্রচার ছড়ানো হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ন্যাশনাল ইনফরমেশন সেন্টার গঠনের পরিকল্পনার কথা ভাবা হচ্ছে।
“নির্বাচনের আগে থেকেই অপতথ্য ছড়ানো শুরু হয়েছে। ভবিষ্যতে এটি আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্য একটি কেন্দ্রীয় তথ্য ব্যবস্থাপনা ইউনিট গঠনের চিন্তা-ভাবনা চলছে,”— বলেন প্রেস সচিব।
বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সম্ভাব্য হটস্পট বা সমস্যা কেন্দ্র চিহ্নিত করতে এবং জেলা পর্যায় থেকে সিচুয়েশন রিপোর্ট পাঠাতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।