আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনা, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয় জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার (২৮ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “নির্বাচন ঘিরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে বলেছেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তা বাহিনীর মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদানের জন্য একটি মিডিয়া সেন্টার খোলার নির্দেশনাও দেওয়া হয়েছে।”
প্রেস সচিব জানান, “অনেক সময় পুলিশ ভালো কাজ করলেও প্রচারের অভাবে সাধারণ মানুষ তা জানতে পারে না। মিডিয়া সেন্টার থাকলে সেই ঘাটতি পূরণ হবে।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সম্প্রতি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), প্রধান উপদেষ্টার সামরিক সচিব, স্বরাষ্ট্রসচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী উপস্থিত ছিলেন।