রংপুরে আবু সাঈদ হত্যা : মানবতাবিরোধী অপরাধ মামলায় ৬ আসামি ট্রাইব্যুনালে হাজির

০ মতামত 62 views

জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের আদালতে আনা হয়।

হাজির হওয়া আসামিরা হলেন— এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীসহ মোট ছয়জন।

এর আগে সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রপক্ষ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি সম্পন্ন করে। আজকের দিনে আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর দুই সদস্য হলেন– অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আবু সাঈদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মামলাটি জাতীয়ভাবে আলোচিত হয়। অভিযোগপত্রে বলা হয়, আন্দোলন চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু কর্মকর্তা ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা মিলে এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে।

Leave a Comment