খুলনা, ২৯ জুলাই — দীর্ঘ পাঁচ মাস দশ দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আজ মঙ্গলবার (২৯ জুলাই) থেকে ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন। তিনি জানান, শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়েছেন যে, ক্লাস ও চলমান তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে।
উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন যেন আরও দীর্ঘ না হয়, সে বিষয়ে আমরা একমত হয়েছি। তাই আজ থেকে নিয়মিত ক্লাস শুরু হচ্ছে।”
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর পর থেকে অচলাবস্থা বিরাজ করে।
শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল উপাচার্যকে অপসারণ করে সরকার। ১ মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়।
পরবর্তীতে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হলেও শিক্ষকরা একাডেমিক কার্যক্রমে ফেরেননি। ফলে কার্যত অচলাবস্থা আরও দীর্ঘায়িত হয়। নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণের পর আবারও আলোচনা শুরু হয় এবং শেষ পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী উভয় পক্ষ সম্মত হলে আজ থেকে ক্লাস চালু হলো।