বিপিএলে আগ্রহী আইপিএল-পিএসএলে কাজ করা ৫ প্রতিষ্ঠান

০ মতামত 76 views

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) পেশাদার ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের সমালোচনার পর এবার বিপিএলের জন্য নতুন স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগে উদ্যোগ নিয়েছে বোর্ড।

সোমবার (২৮ জুলাই) রাতে এক বিবৃতিতে বিসিবি জানায়, বিপিএলের মার্কেটিং ও ব্যবস্থাপনা দায়িত্ব পেতে পাঁচটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের বেশ কয়েকটি ইতিপূর্বে আইপিএল ও পিএসএলের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করেছে।

আগ্রহী পাঁচটি প্রতিষ্ঠান হলো:

এপেক্স স্পোর্টস কনসালটিং

আইএমজি

রিয়েল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসোলুট লেজেন্ডস স্পোর্টস

দ্য আইপিজি গ্রুপ মাইন্ড ট্রি লিমিটেড

ট্রান্সপোর্টস গ্রুপ

বিসিবি জানিয়েছে, ১০ জুলাই প্রকাশিত দরপত্রের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো আবেদন করেছে। বিপিএল গভর্নিং কাউন্সিল এখন আবেদনগুলো যাচাই-বাছাই করে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে।

বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আমরা এবার বিপিএলকে একটি টেকসই, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের ফ্র্যাঞ্চাইজি লীগে রূপ দিতে চাই। তাই অভিজ্ঞ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সহায়তায় কাজ এগিয়ে নিতে চাচ্ছি।”

উল্লেখ্য, বিপিএলের আগের আসরগুলোতে টিকিট ব্যবস্থাপনা, ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক অনিয়ম এবং লজিস্টিকস ঘাটতিসহ নানা সমস্যা দেখা দেয়। এসব কাটিয়ে একটি আধুনিক ও বাণিজ্যিকভাবে সফল টুর্নামেন্ট গড়ে তুলতে চায় বিসিবি।

Leave a Comment