মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না : মির্জা ফখরুল

০ মতামত 38 views

মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে অনেকে ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে। কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।”

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বনানীর কামাল আতাতুর্ক মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গুম ও নিখোঁজ ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “গুম হওয়া ব্যক্তিদের হয়তো ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে তাদের সন্তানদের দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।” তিনি জানান, গুম সংক্রান্ত কমিশনের কাজ এখনো আশানুরূপ অগ্রগতি দেখাতে পারেনি। তবে বিএনপি আগামী নির্বাচনে জয়ী হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, “সংস্কার তখনই বাস্তবায়নযোগ্য হয়, যখন মানুষের মৌলিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। আজ সে নিরাপত্তাই অনুপস্থিত।”

অনুষ্ঠানে বিভিন্ন নিখোঁজ ব্যক্তির পরিবার, দলীয় নেতা-কর্মী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ কর্মসূচির উদ্বোধন করা হয়।

Leave a Comment