রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির ঢেউ আঘাত হেনেছে। ভূমিকম্পের ফলে উপদ্বীপের কিছু অংশে ৩ থেকে ৪ মিটার (প্রায় ১০–১৩ ফুট) উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। খবর বিবিসি।
স্থানীয় সময় বুধবার রাতে ভূমিকম্পটি আঘাত হানে। এর পরপরই রাশিয়া এবং আশপাশের অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।
জাপানের আবহাওয়া সংস্থার বরাতে জানানো হয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় হোক্কাইডো শহরে ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। সতর্ক করা হয়েছে, পরবর্তী ঢেউ আরও বড় হতে পারে।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) এবং সুনামি সতর্ক কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব আলাস্কা, হাওয়াই, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এবং প্রশান্ত মহাসাগরীয় মার্কিন দ্বীপাঞ্চলেও পড়তে পারে। এসব এলাকায় বিভিন্ন মাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
বিশেষ করে হাওয়াই রাজ্যের সব দ্বীপে সতর্কতা জারি করা হয়েছে। বিগ আইল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত হোটেলগুলো ইতিমধ্যে অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। কাইলুয়া উপসাগরের উপকূলে অবস্থিত কোর্টইয়ার্ড কিং কামেহামেহা’স কোনা বিচ হোটেল এবং ম্যারিয়ট হোটেল বন্ধ ঘোষণা করা হয়েছে। সব অতিথিকে স্থানীয় কেয়ালাকেহে হাই স্কুলে সরিয়ে নেওয়া হচ্ছে।
হোটেলটির এক মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, কতজন অতিথি রয়েছেন এবং সবাইকে সরাতে কতক্ষণ লাগতে পারে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্কুলবাসে করে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নিচ্ছে এবং জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: বিবিসি, সিএনএন, ইউএসজিএস