বন্যায় তছনছ বেইজিং: মৃত ৩৮, সরানো হয়েছে ৮০ হাজার মানুষ

০ মতামত 69 views

চীনের রাজধানী বেইজিং ও উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। তিন দিন ধরে চলা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট এই দুর্যোগে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৮০ হাজার মানুষকে।

সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, নিহতদের মধ্যে ৩০ জনই বেইজিংয়ের। এর মধ্যে মিয়ুন জেলায় মারা গেছেন ২৮ জন এবং ইয়াংকিং জেলায় ২ জন। বাকি ৮ জনের মৃত্যু হয়েছে হেবেই প্রদেশের বিভিন্ন এলাকায়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেইজিংয়ের আশপাশের ১৩০টি গ্রাম। এসব এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ভেঙে পড়েছে শত শত কিলোমিটার সড়ক। দুর্যোগ মোকাবিলা কর্মীরা এই গ্রামগুলো থেকেই অন্তত ৮০ হাজার মানুষকে সরিয়ে নিয়েছেন।

গত ২১ জুলাই থেকে বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলে শুরু হয় মৌসুমি ঝড় ও ভারী বর্ষণ। প্রায় ১০ দিন ধরে চলা এই দুর্যোগ পরিস্থিতির মধ্যেই বুধবার (৩০ জুলাই) চীনের আবহাওয়া অধিদপ্তর বেইজিংয়ের ঝড়-বৃষ্টি সতর্কতা তুলে নেয়। তবে সংস্থাটি পূর্বাভাসে জানিয়েছে, পরিস্থিতি আপাতত স্থিতিশীল হলেও যে কোনো সময় আবারও ঝড়-বৃষ্টি বাড়তে পারে।

চলমান পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

Leave a Comment