ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক ফ্যাসিবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের করা ছয়টি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন ঢাকার দুটি বিশেষ জজ আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিনটি মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
একটি মামলায় শেখ হাসিনাসহ ১২ জন,
দ্বিতীয়টিতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাসহ ১৭ জন,
তৃতীয়টিতে সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনাসহ ১৮ জন আসামি।
অন্যদিকে, বাকি তিনটি মামলায় অভিযোগ গঠন করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম।
একটি মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৭ জন,
আরেকটিতে আজমিনা, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জন
অপর মামলায় রাদওয়ান, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।
সব মামলার আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ছয়টি মামলার প্রত্যেকটিতে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে।
বিশেষ জজ আদালত-৫ এ দায়ের করা মামলাগুলোর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে আগামী ১১ আগস্ট। অপরদিকে, বিশেষ জজ আদালত-৪-এর মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ শুরু হবে ১৩ আগস্ট।