মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

০ মতামত 46 views

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাং রাজ্যের কুয়ান্টান থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মো. সাব্বের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) ও আবদুল্লাহ (২৪)। আহতদের মধ্যে রয়েছেন মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণীরাম চন্দ্র বাস (৪০)। আহতদের টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়ান্টানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, টয়োটা আভাঞ্জা মডেলের একটি গাড়িতে তারা কুয়ান্টান থেকে রাজধানী কুয়ালালামপুর যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত চালক সাব্বের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। এছাড়া গাড়িটির রোড ট্যাক্সও চলতি বছরের মে মাস থেকে মেয়াদোত্তীর্ণ ছিল।

এই দুর্ঘটনা মালয়েশিয়ার ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারা অনুযায়ী তদন্তাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment