বৃষ্টি নিয়ে সুসংবাদ, পাঁচদিন পর কমতে পারে প্রবণতা

০ মতামত 48 views

দেশজুড়ে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনের মধ্যে কমে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এর আগ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।

শনিবার (২ আগস্ট) দুপুরে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমে পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানান।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,
রোববার (৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া দিন ও রাতের তাপমাত্রা দেশের প্রায় সর্বত্রই অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এ অবস্থার ধারাবাহিকতা সোমবার (৪ আগস্ট) পর্যন্ত অব্যাহত থাকবে। ওইদিনও একই অঞ্চলজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমে আসবে এবং আবহাওয়া কিছুটা শুষ্ক হতে পারে। ফলে পানি নিষ্কাশন ও জনদুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment