শাহবাগ ও শহীদ মিনারে জনসমাবেশ, যানজট এড়াতে বিকল্প রুটের নির্দেশনা ডিএমপির
‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর দুই গুরুত্বপূর্ণ স্থানে আলাদা দুটি রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রদলের ডাকে শাহবাগ মোড়ে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসব সমাবেশ ঘিরে রাজধানীতে যানজটের আশঙ্কা দেখা দিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে নগরবাসীর প্রতি। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে তল্লাশি চৌকি ও পুলিশের উপস্থিতি।
ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ শাহবাগে
দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এটি জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিক কর্মসূচির অংশ। দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিতে শাহবাগে জড়ো হচ্ছেন।
শহীদ মিনারে এনসিপির ‘জনসমাবেশ’
একই দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে এনসিপি জনসমাবেশ করবে। সমাবেশে অংশ নিতে রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে দলটির নেতাকর্মীদের ঢাকায় আসার কথা রয়েছে।
জুলাই জাগরণ উৎসব সোহরাওয়ার্দী উদ্যানে
এছাড়া, সাইমুম শিল্পী-গোষ্ঠীর আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে ‘৩৬ জুলাই কালচারাল ফেস্ট: জুলাই জাগরণ’ অনুষ্ঠান।
ডিএমপির গণবিজ্ঞপ্তি: পরীক্ষার্থীদের সময় নিয়ে রওয়ানা হওয়ার অনুরোধ
শনিবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত থাকবে।
বিশেষ করে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে রওয়ানা হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যানচাপ ও বিকল্প পথ
সমাবেশস্থলগুলোর আশপাশের সড়কে যানচাপ বাড়বে এবং কিছু সড়কে ডাইভারশন কার্যকর থাকবে বলে ডিএমপি জানিয়েছে।
নগরবাসীকে এই সময়ে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, বেইলি রোড, বাংলা মোটর, হাইকোর্ট মোড়, পলাশী, নিউমার্কেট ও আজিমপুর সড়ক এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।