ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৭৪

০ মতামত 44 views

ইয়েমেন উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গিয়ে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৭৪ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় বেঁচে গেছেন মাত্র ১২ জন।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, দুর্ঘটনার শিকার নৌকাটিতে মোট ১৫৪ জন ইথিওপিয়ান অভিবাসী ছিলেন। তারা আফ্রিকার হর্ন অঞ্চল থেকে ইয়েমেন হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছিলেন। রোববার (৩ আগস্ট) ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে নৌকাটি ডুবে যায়।

আইওএম ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তার এসোয়েভ অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে জানান, খানফার জেলার উপকূল থেকে ৫৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও ১৪টি মরদেহ পাওয়া গেছে পার্শ্ববর্তী এলাকায়। সব মরদেহ স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে ইয়েমেনের স্বাস্থ্য বিভাগও নিশ্চিত করেছে। তারা জানায়, উদ্ধার অভিযান এখনও চলছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উপকূলীয় এলাকায় উদ্ধারকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

জাঞ্জিবার শহরের স্বাস্থ্য বিভাগের পরিচালক আবদুল কাদের বাজামিল জানান, নিহতদের দাফনের জন্য শাকরা এলাকার কাছে কবরস্থানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আফ্রিকা থেকে ইয়েমেন হয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অভিবাসনের এই সমুদ্রপথটি দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। তবে এটি অত্যন্ত বিপজ্জনক। প্রায়ই অতিরিক্ত যাত্রী ও দুর্বল নৌযানের কারণে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর অভ্যন্তরীণ সহিংসতা বেড়ে যায়। যদিও ২০২২ সালের এপ্রিল মাসে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির চুক্তির পর থেকে সহিংসতা কিছুটা কমেছে এবং মানবিক পরিস্থিতির কিছু উন্নতি হয়েছে।

Leave a Comment