বাংলাদেশকে ৭ ট্রিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক হালাল অর্থনীতির একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এই খাতের সম্ভাবনা কাজে লাগাতে সহায়ক নীতিমালা ও অবকাঠামো গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
রোববার রাজধানীর একটি হোটেলে ‘হালাল ইকোনমি ৩৬০ : ড্রাইভিং গ্লোবাল গ্রোথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)।
চৌধুরী আশিক মাহমুদ বলেন, “বিশ্বব্যাপী অধিকাংশ হালাল পণ্য অমুসলিম দেশগুলো উৎপাদন করে থাকে, যা মুসলিম-প্রধান দেশের জন্য দুঃখজনক। তবে এটিই আমাদের জন্য বড় একটি সুযোগ। যথাযথ নীতিমালা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ হালাল অর্থনীতিতে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারে।”
তিনি আরও জানান, সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি হালাল পণ্য উৎপাদনের জন্য প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। এই লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সেমিনারে মালয়েশিয়ার সঙ্গে সম্ভাব্য সহযোগিতা, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সম্ভাবনা এবং হালাল অর্থনীতির বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, নীতিনির্ধারক ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।