রাজধানীর কদমতলী থানায় দায়ের হওয়া এক হত্যাকাণ্ডের মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
সকালেই তিন নেতাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা, কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসাইন আদালতে বলেন, “মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে এই তিনজনকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।” শুনানি শেষে আদালত গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন।
ঘটনার পটভূমি
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ রাজধানীর কদমতলী এলাকায় ছাত্র-জনতার মিছিলে অংশ নেন। বিকেল ৪টার দিকে ওই এলাকায় মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, আসামিদের নির্দেশনায় চালানো গুলিতে মাহাদী হাসান পান্থর মুখে গুলিবিদ্ধ হয়ে মাথার পেছন দিয়ে গুলি বের হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন।
পরবর্তীতে নিহতের বাবা গত বছরের ৮ নভেম্বর কদমতলী থানায় মামলা দায়ের করেন। মামলায় রাশেদ খান মেননকে ৭ নম্বর, হাসানুল হক ইনুকে ৮ নম্বর এবং জুনাইদ আহমেদ পলককে ৯ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়।
এ মামলার বিষয়ে এখনো আসামিপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।