সাত কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’: ৪০% ক্লাস অনলাইনে, ৬০% সশরীরে

০ মতামত 85 views

ঢাকা মহানগরীর সাত সরকারি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এ ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং ৬০ শতাংশ ক্লাস সশরীরে পরিচালিত হবে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড পদ্ধতিনির্ভর।

সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান এসব তথ্য জানান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি এবং কাঠামোগত পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, “নতুন বিশ্ববিদ্যালয়ের পাঠদান পদ্ধতিতে প্রথম চারটি সেমিস্টার হবে নন-মেজর ভিত্তিক। এরপরের চারটি সেমিস্টারে শিক্ষার্থীরা নির্ধারিত ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্স পড়বেন। তবে পঞ্চম সেমিস্টারে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে ডিসিপ্লিন পরিবর্তনের সুযোগ থাকবে, যদিও ক্যাম্পাস পরিবর্তনের সুযোগ থাকবে না।”

সচিব আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা সশরীরেই অনুষ্ঠিত হবে, যাতে মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার মান, সেশনজট এবং প্রশাসনিক জটিলতা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এই প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয় এসব সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত সচিব।

Leave a Comment