গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুত মঞ্চ, মানিক মিয়া অ্যাভিনিউয়ে নিরাপত্তা জোরদার

০ মতামত 39 views

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে প্রস্তুত করা হয়েছে বিশাল মূল মঞ্চ, সম্পন্ন হয়েছে আধুনিক সাউন্ড ও লাইটিং সিস্টেমের কাজ। আয়োজকরা জানান, বৃষ্টির আশঙ্কা থাকায় ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে।

সোমবার রাত থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা এবং শুরু হয়েছে গোয়েন্দা নজরদারি।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান ও র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, ইউনিফর্ম এবং সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন থাকবে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকছে বিশেষ ড্রোন শো এবং ঘোষণাপত্র পাঠ।
বেলা ১১টা থেকে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

সন্ধ্যা সাড়ে ৭টায় থাকবে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় পরিবেশিত হবে জনপ্রিয় ব্যান্ডদলের সংগীতানুষ্ঠান।

এদিকে, অনুষ্ঠানস্থলে জনসমাগমের কারণে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Leave a Comment