আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হয়।
প্রধান উপদেষ্টা বলেন,
“একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবো। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগেই—২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে—জাতীয় নির্বাচন আয়োজন করেন।”
তিনি আরও বলেন,
“আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সব ধরনের সাহায্য ও সহযোগিতা প্রদান করবো।”
এ সময় তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। নির্বাচনকে স্মরণীয় করে তুলতে ভোটার উপস্থিতি, শান্তি-শৃঙ্খলা এবং আন্তরিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ড. ইউনূস বলেন,
“এই নির্বাচন যেন আনন্দ-উৎসব, শান্তি-শৃঙ্খলা, ভোটার উপস্থিতি, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে—সেজন্য আগামীকাল থেকেই আমরা মানসিক প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবো।”