নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সবাই ওমান প্রবাসী এক স্বজনকে আনতে ঢাকা গিয়েছিলেন। ফেরার পথে প্রাইভেটকার ও হাইস মাইক্রোবাসে করে ঢাকা থেকে লক্ষ্মীপুরে ফিরছিলেন তারা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ভোর রাত হওয়ায় আশপাশের লোকজন কিছু বুঝে উঠতে পারেননি। পরে আলো দেখে ঘটনাস্থলে গিয়ে খালে ডুবে থাকা গাড়ি থেকে মরদেহ উদ্ধারে সহায়তা করেন তারা।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়েছিলেন। এ কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন প্রাণে বাঁচলেও সাতজন গাড়ির ভেতরে আটকে পড়ে মারা যান।’
নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।