‘এক ঘণ্টার মধ্যেই ইসরাইলের নিরাপত্তা ধ্বংস হতে পারে’: হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাসেম

০ মতামত 52 views


ইসরাইলের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা মাত্র এক ঘণ্টার ক্ষেপণাস্ত্র হামলাতেই ধ্বংস হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম।

মঙ্গলবার (৫ আগস্ট) এক টেলিভিশন ভাষণে তিনি এ মন্তব্য করেন। ভাষণটি ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ ইজাদির শাহাদতের ৪০তম দিনের (চেহলাম) স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে।

শেখ নাঈম কাসেম বলেন, “গত আট মাসে ইসরাইল যে নিরাপত্তা বলয়ে নিজেকে রেখেছে, তা এক ঘণ্টার ক্ষেপণাস্ত্র আঘাতেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব। লেবাননে প্রতিরোধ শক্তি সম্পূর্ণ প্রস্তুত, দৃঢ় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সংকল্পবদ্ধ।”

তিনি বলেন, “হিজবুল্লাহ কোনোভাবেই অস্ত্র সমর্পণ করবে না। আন্তর্জাতিক চাপ দিয়ে আমাদের প্রতিরক্ষা দুর্বল করা যাবে না।”
ফিলিস্তিনের প্রতি সমর্থন

হিজবুল্লাহ নেতা বলেন, “আজ আমরা শহীদ হাজ রমজানকে স্মরণ করছি— যিনি ছিলেন ফিলিস্তিনের পক্ষে আত্মোৎসর্গকারী একজন প্রকৃত সংগ্রামী। তিনি সবসময় ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোর ঐক্য ও হিজবুল্লাহর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেন।”

তিনি আরও বলেন, “হাজ রমজান আল-আকসা অভিযানকে একটি অলৌকিক ঘটনা হিসেবে দেখতেন এবং ইমাম খোমেনি ও খামেনির আদর্শে গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন।”
বৈরুত বিস্ফোরণ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা

বৈরুত বন্দরের ভয়াবহ বিস্ফোরণের প্রসঙ্গে নাঈম কাসেম বলেন, “হিজবুল্লাহ চায় এ ঘটনার দ্রুত তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত হোক।”

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, “মার্কিন প্রতিনিধি টম ব্যারাক যে নিরাপত্তা প্রস্তাব দিয়েছেন, তা মূলত ইসরাইলের স্বার্থ রক্ষা করে। কিন্তু লেবাননের আত্মরক্ষার অধিকারকে তাচ্ছিল্য করে।”

তিনি অভিযোগ করেন, “যুক্তরাষ্ট্র চায় না লেবানন সেনাবাহিনী এমন কোনো অস্ত্র অর্জন করুক, যা ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠতে পারে। অথচ হিজবুল্লাহ কখনোই ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি।”

Leave a Comment