ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের (Qcoom) পাওনা অর্থ ফেরতের দাবিতে দ্বিতীয় দফা মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। গতকাল শনিবার (৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেড় শতাধিক ভুক্তভোগী এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, কিউকমের সিইও রিপন মিয়া ও তানভীর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে গ্রাহকদের প্রায় ৬৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
তারা জানান, অনলাইনে পণ্যের অর্ডারের নামে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে নেওয়া হয় এবং রিফান্ডের আশ্বাস দিয়ে চার বছর ধরে প্রতারণা চালিয়ে আসছে কিউকম কর্তৃপক্ষ।
ভুক্তভোগীরা বলেন, কিউকম ও ফোস্টার গেটওয়েতে আটকে থাকা গ্রাহকদের অর্থ দ্রুত ফেরত দিতে হবে। একই সঙ্গে প্রতারকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারি হস্তক্ষেপের দাবি জানান তারা।