অন্তর্বর্তী সরকারের গত এক বছরের বিভিন্ন উদ্যোগ ও সংস্কারের ফলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
রোববার (১০ আগস্ট) রাজধানীর গুলশানে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সিপিডি ডায়ালগে তিনি বলেন, “ব্যাংক খাত সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম উদ্যোগ। এর ফলে রেমিট্যান্স ও রপ্তানি বেড়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো অবস্থায় এসেছে এবং পতন ঠেকানো গেছে।”
তিনি উল্লেখ করেন, “অর্থনীতিকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করা একটি বড় সাফল্য। তবে এখনো মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে, বিনিয়োগ আসছে না, কর্মসংস্থান তৈরি হচ্ছে না এবং রাজস্ব আহরণ বাড়ছে না—এসব বিষয় আগামী ছয় মাসে ও পরবর্তী সরকারকে মাথায় রাখতে হবে।”
দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়ে ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কাজ চলমান রাখতে হবে। বিনিয়োগ খাতে স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য এখন থেকেই ক্ষেত্র প্রস্তুত করা জরুরি, যাতে পরবর্তী সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে পারে।
তিনি আরও জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৫-৬ মাসে সংস্কারের কতটা বাস্তবায়ন হবে তা অনিশ্চিত হলেও এখন পর্যন্ত সংস্কারের গতি ধীর ছিল।
ডায়ালগে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।