নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। এর মধ্যে নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন, আর বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।
রোববার (১০ আগস্ট) সকালে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, “সারা দেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকার ওপর দাবি-আপত্তি জমা দেওয়া যাবে ২১ আগস্ট পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।”
সচিব আরও জানান, ২ মার্চ ২০২৫ প্রকাশিত পূর্ববর্তী তালিকায় মোট ভোটার ছিলেন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এরপর বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার সংগ্রহ ও মৃত ভোটার কর্তনের মাধ্যমে এই হালনাগাদ সম্পন্ন করা হয়েছে।
নতুন ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে সচিব বলেন, “৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে যারা ১৮ বছর বয়স পূর্ণ করবেন, তারাও ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। আইন অনুযায়ী তাদের এক বছর অপেক্ষা করতে হবে না।”
তিনি আরও জানান, এ বছর মোট তিনটি ধাপে ভোটার তালিকা প্রকাশ করবে ইসি—২ মার্চ, ৩১ আগস্ট ও ৩১ অক্টোবর।