অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার এখন নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সরকারের জন্য নির্বাচনের আয়োজন করা হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার পথে ফিরিয়ে আনতে পারব। এজন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন, এবং আমরা মালয়েশিয়ার কাছ থেকে সেই সহায়তা প্রত্যাশা করছি।”
এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “এখানে অপার সম্ভাবনা রয়েছে।”
রোহিঙ্গা সংকট ও আসিয়ানের ভূমিকা
রোহিঙ্গা ইস্যুতে ড. ইউনূস বলেন, “রোহিঙ্গারা আমাদের জন্য বড় সংকট। এই সংকট সমাধানে আমরা আসিয়ান (ASEAN) এর সহায়তা চাই।”
বুধবার (১৩ আগস্ট) তিনি মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম)-এর আচার্য এবং নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পরে ইউকেএম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে একটি স্মারক বক্তৃতা দেবেন।