মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হতে যাচ্ছে ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা। এই ভিসার আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর পর্যায়ের পর মালয়েশিয়ায় থেকে উচ্চ দক্ষতার পেশায় কাজ করার সুযোগ পাবেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।
আইন, বিচার ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানান, “মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন।” তবে চূড়ান্ত বাস্তবায়নের আগে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন-ও উপস্থিত ছিলেন।