মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা স্থানীয়দের মতোই সুবিধা পাবেন: প্রেসসচিব

০ মতামত 37 views

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা এখন থেকে সে দেশের স্থানীয় শ্রমিকদের মতোই সমান সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সদ্যসমাপ্ত মালয়েশিয়া সফর ছিল একটি ‘ল্যান্ডমার্ক ট্যুর’। সফরটি ফলপ্রসূ হয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রেসসচিব।

শফিকুল আলম বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত অনেক বাংলাদেশি ইংরেজি বা মালয় ভাষায় সাবলীল নন। এজন্য প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলা ভাষায় অভিযোগ জানানোর সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে মালয়েশিয়ায় ১০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তারা যেন উচ্চশিক্ষা শেষে দেশটির বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ পান, সে বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।

এ সময় তিনি জানান, দেশে নজরদারির যন্ত্রপাতি নিয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ কমিটির প্রধান করা হয়েছে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে। কমিটি খতিয়ে দেখবে যন্ত্রপাতিগুলো কীভাবে, কোথা থেকে, কত দামে কেনা হয়েছে এবং কীভাবে সেগুলো ব্যবহার করা হয়েছে।

Leave a Comment