আনফিল্ডে গতকাল (শুক্রবার) ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ মৌসুমের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ৪-২ গোলে জয় অর্জন করেছে বোর্নমাউথের বিরুদ্ধে।
ম্যাচ শুরুর কয়েক মিনিটেই পুরো স্টেডিয়াম আবেগঘন হয়ে উঠে, যখন ফুটবলপ্রেমীরা এক মাস আগে স্পেনে গাড়ি দুর্ঘটনায় ছোট ভাইসহ প্রয়াত লিভারপুল তারকা দিয়েগো জোতাকে স্মরণ করেন। তবে ম্যাচের মধ্য সময়টায় ঘটে যায় বর্ণবাদী আচরণ, যা বোর্নমাউথের ঘানীয়ান ফরোয়ার্ড অ্যান্তোয়াইন সেমেনিও গোল করে জবাব দেন।
লিভারপুলের পক্ষে গোল করেন অভিষিক্ত হুগো একিতিকে, কোডি গাকপো, ফেদরিকো চিয়েসা ও মোহামেদ সালাহ। বোর্নমাউথের দুই গোল এসেছে সেমেনিওর পা থেকে।
ম্যাচের ৩৭তম মিনিটে একিতিকে গোল দিয়ে লিভারপুলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গাকপোর গোল লিভারপুলের ব্যবধান বাড়ায়। এরপর সেমেনিওর জোড়া গোলে বোর্নমাউথ সমতায় ফেরে। কিন্তু ফেদরিকো চিয়েসা (৮৮তম মিনিটে) ও মোহামেদ সালাহ শেষ মুহূর্তে গোল করে লিভারপুলকে জয় এনে দেন।
ম্যাচে বর্ণবাদী কটূক্তির কারণে কয়েক মিনিট খেলা বন্ধ থাকলেও অধিনায়ক ও কোচদের আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।