উত্তর পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ফলে গত ৪৮ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪৪ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) শনিবার (১৬ আগস্ট) জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ, যেখানে ৩২৮ জনের মৃত্যু হয়েছে। গিলগিট-বালতিস্তানে ১২ জন এবং আজাদ জম্মু ও কাশ্মীরে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জিও নিউজ জানায়, বুনার, সোয়াত, বাজৌর এবং বাটাগ্রাম জেলার বহু এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ধসে পড়েছে অসংখ্য বাড়িঘর, দোকান ও অবকাঠামো। দুর্গম এলাকায় এখনও আটকে আছে বহু মানুষ, যাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, বুনার জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে অন্যতম হলো বেশন্ত্রি, যেখানে ভূমিধস ও প্রবল স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক এলাকাতেই এখনো পৌঁছানো সম্ভব হয়নি।