আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভয়াবহ শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি–৫ মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন এরিন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (NHC) জানিয়েছে, ঝড়টির স্থায়ী বাতাসের গতি পৌঁছেছে ঘণ্টায় ১৬০ মাইল (২৬০ কিমি)– যা এটিকে অত্যন্ত বিরল ও বিপজ্জনক ঝড়ে পরিণত করেছে।
হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান বলেন, ‘এরিন রাতারাতি বিস্ফোরণধর্মীভাবে শক্তি বাড়িয়েছে’ এবং এটি এখন “অত্যন্ত শক্তিশালী” ঝড়ে রূপ নিয়েছে। শুক্রবার পর্যন্ত এটি ছিল কেবল একটি ট্রপিক্যাল স্টর্ম।
বর্তমানে ঝড়টি ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ, এবং পুয়ের্তো রিকোর উত্তরের পাশ ঘেঁষে অতিক্রম করবে। এসব অঞ্চলে ৬ ইঞ্চি (১৫ সেমি) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধস ঘটাতে পারে।
এটি ২০২৫ মৌসুমের প্রথম হ্যারিকেন, এবং আপাতত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানার আশঙ্কা নেই। তবে ঝড়টি ইতিমধ্যেই উত্তরমুখী হয়ে বাহামার পূর্ব উপকূল ধরে নর্থ ক্যারোলিনার আউটার ব্যাংকসের দিকে এগোচ্ছে।
ব্রেনান সতর্ক করে বলেন, এই ঝড় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করতে পারে। ফ্লোরিডা ও মধ্য–আটলান্টিক উপকূলীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে। এছাড়া বারমুডায়ও প্রবল ঢেউ ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঝড়ের প্রভাবে গেল–ফোর্স বাতাস বইতে শুরু করায় মার্কিন কোস্ট গার্ড ইতোমধ্যেই সেন্ট থমাস, সেন্ট জন ও পুয়ের্তো রিকোর ছয়টি বন্দরে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।
এদিকে, ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) জানিয়েছে, চলতি বছরের আটলান্টিক ঘূর্ণিঝড় মৌসুম স্বাভাবিকের চেয়ে বেশি সক্রিয় হতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্যাটাগরি–৪ ও ৫ মাত্রার ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়তে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।