বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

০ মতামত 51 views

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) এই নির্দেশনা দেওয়া হয়।

বিদেশের বিভিন্ন মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঢাকা পোস্টের অনুসন্ধানে জানা গেছে, কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিয়ে টেলিফোনেই অঞ্চলভিত্তিক কিছু রাষ্ট্রদূত/হাইকমিশনারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরাতে হবে। এ নির্দেশনার তথ্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্য মিশনগুলোতেও জানিয়ে দিতে বলা হয়েছে।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই এখনো এই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান জানিয়েছেন, তারা সরকারের নির্দেশনা পেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন দায়িত্বশীল কূটনীতিক বলেন, “ঢাকা থেকে কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। এটি আনুষ্ঠানিক কোনো চিঠি বা ই-মেইলের মাধ্যমে জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় অঞ্চলভিত্তিক কিছু দূতকে ফোনে সরকারের এই সিদ্ধান্ত জানিয়েছে এবং তারা তা অন্য মিশনগুলোকে জানাচ্ছেন। একই সঙ্গে নির্দেশ বাস্তবায়নের তদারকির দায়িত্বও তাঁদের দেওয়া হয়েছে।”

আরেকজন কূটনীতিক বলেন, “আমাদের অঞ্চলে যিনি দায়িত্বে রয়েছেন, তিনি সরাসরি আমাদের জানাননি। তাঁর পক্ষ থেকে কাছাকাছি একটি মিশনের একজন রাষ্ট্রদূত আমাদের বিষয়টি অবহিত করেছেন।”

Leave a Comment