আল্লাহ বান্দার প্রতিটি কথা ও কাজ সম্পর্কে পরিজ্ঞাত

০ মতামত 44 views

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা আনআম, আয়াত : ৩

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

وَ هُوَ اللّٰهُ فِی السَّمٰوٰتِ وَ فِی الۡاَرۡضِ ؕ یَعۡلَمُ سِرَّكُمۡ وَ جَهۡرَكُمۡ وَ یَعۡلَمُ مَا تَكۡسِبُوۡنَ ﴿۳﴾

সরল অনুবাদ

(৩) আকাশ ও পৃথিবীর তিনিই আল্লাহ। তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছু তিনি জানেন এবং তোমরা যা কর, তাও তিনি অবগত আছেন।

সংক্ষিপ্ত ব্যাখ্যা

আহলে সুন্নাহ অর্থাৎ, সালাফদের আকীদা হলো, মহান আল্লাহ তো আরশে সমাসীন; যেভাবে তাঁর সত্তার জন্য সামঞ্জস্যপূর্ণ। কিন্তু তাঁর জ্ঞান সর্বত্র বিরাজমান।
অর্থাৎ, কোন জিনিসই তাঁর জ্ঞানের বাইরে নয়।

যদিও আয়াতে প্রকৃত অর্থ না বুঝে কেউ কেউ এ আয়াত সামনে এনে আল্লাহর আরশে সমাসীন হওয়াকে মানেন না। তারা বলেন যে, আল্লাহ সর্বত্র বিরাজমান এবং তারা এই আয়াতের ভিত্তিতেই তাদের (ভ্রান্ত) আকীদা সাব্যস্ত করতে চান। অথচ তাদের এই চিন্তা সম্পূর্ণ ভুল, এ আয়াত দিয়ে তাদের দলীলও পেশ করাও যথার্থ নয়।
কেননা, আয়াতের অর্থ হলো, যে সত্তাকে আসমান ও জমিনে ‘আল্লাহ’ বলে ডাকা হয়, আসমানে ও জমিনে যার রাজত্ব বিস্তৃত এবং আসমান ও জমিনে যাকে সত্য উপাস্য মনে করা হয়, সেই আল্লাহই তোমাদের গোপনীয় ও প্রকাশ্য সমস্ত আমলাদির খবর রাখেন। (ফাতহুল ক্বাদীর)

এ আয়াতে প্রথম দু’আয়াতে বর্ণিত বিষয়বস্তুর ফলাফল বর্ণিত হয়েছে। তা এই যে, আল্লাহ তা’আলাই এমন এক সত্তা, যিনি আসমান ও যমীনে ইবাদাত ও আনুগত্যের যোগ্য এবং তিনিই তোমাদের প্রতিটি প্রকাশ্য ও গোপন অবস্থা এবং প্রতিটি উক্তি ও কর্ম সম্পর্কে পুরোপুরি পরিজ্ঞাত। সুতরাং তোমরা আল্লাহ ব্যতীত আর কারও ইবাদাত করো না।
তিনি যেহেতু তোমাদের গোপন ও প্রকাশ্য সবই জানেন সুতরাং তার নাফরমানী করা থেকে সতর্কতা অবলম্বন করো এবং এমন কাজ করবে, যা তোমাদেরকে তাঁর নৈকট্য প্রদান করবে, তাঁর রহমতের অধিকারী করবে। এমন কোন কাজ করো না, যাতে তার নৈকট্য থেকে দূরে সরে যাও।

Leave a Comment