ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বর্বর হামলায় মৃতের সংখ্যা প্রায় ৬২ হাজারে পৌঁছেছে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় বিমান হামলা ও গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন, যাদের মধ্যে ১৪ জন ছিলেন ত্রাণ সংগ্রহ করতে যাওয়া সাধারণ মানুষ।
রোববার (১৭ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৭ জন অপুষ্টি ও অনাহারে প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে রয়েছে ২ শিশু। যুদ্ধের পাশাপাশি খাদ্য সংকট এবং চিকিৎসা সেবার অভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল সেন্টারে ৪৭টি মরদেহ পৌঁছেছে, এবং আহত হয়েছেন আরও অন্তত ২২৬ জন। এখন পর্যন্ত গাজায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে।
বিবৃতিতে আরও জানানো হয়, বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বা রাস্তায় পড়ে রয়েছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি নিরাপত্তার অভাবে।
গত ২৭ মে থেকে এ পর্যন্ত শুধুমাত্র ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় ১,৯৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১৪,৪২০ জন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের মধ্যে অনাহার ও অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত ২৫৮ জন ফিলিস্তিনি মারা গেছেন, যাদের মধ্যে ১১০ জনই শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ায় ২৪ লাখ মানুষের জন্য এক ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করে, যা জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে কার্যত বাতিল করে দেয়।
শুধু এই সময়কালেই ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন আরও ১০ হাজার ৪০০ জন, আহত হয়েছেন ৪৩ হাজার ৮৪৫ জনের বেশি।
এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইতোমধ্যেই গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
একইসঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলা চলছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে এই যুদ্ধকে আরও বিতর্কিত ও নিন্দনীয় করে তুলেছে।