নতুন দেশ ডেস্ক: চট্টগ্রামের সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮) ও অজিত দাশ (৩০)।
এ ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
“ভোরে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার পথে সিটি গেট এলাকায় একটি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও একজন মারা যান।”
চট্টগ্রাম মহানগর পুলিশের একজন কর্মকর্তা জানান, দুর্ঘটনার সময় পিকআপ ভ্যানে মোট ১০ জন মাছ ব্যবসায়ী ছিলেন। তারা সবাই চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ কিনতে। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে।
দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।