সিলেটে ধানক্ষেত ও বাড়ি থেকে উদ্ধার হচ্ছে লুট হওয়া পাথর

০ মতামত 46 views

সিলেটের ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে চলছে প্রশাসনের অভিযান। এবার সেই পাথরের সন্ধান মিলেছে ধানক্ষেত, এমনকি বাসাবাড়ির উঠানেও। প্রশাসনের দাবি, বিভিন্ন স্থানে গোপনে মজুত করা পাথর উদ্ধার করা হচ্ছে পরিকল্পিত অভিযানের মাধ্যমে।

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট সদর উপজেলার ছালিয়া গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ১০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ।

প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, এর আগেও বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালিয়ে লুট হওয়া পাথর উদ্ধার করা হয়েছে। এবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় সিলেট সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও ছালিয়া গ্রামে।

ছালিয়া গ্রামে একটি ধানক্ষেত থেকে বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়। এছাড়া কারও বাড়ির উঠান, পথের ধারে, এমনকি লাতাপাতায় ঢাকা অবস্থায় পাথর পাওয়া গেছে।

ইউএনও খোশনুর রুবাইয়াৎ বলেন, “অভিযানে প্রায় ৫ হাজার ১০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। ধানক্ষেত, বাড়ির উঠান ও অন্যান্য স্থান থেকে পাথরগুলো জব্দ করা হয়েছে। ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্ধারকৃত পাথর প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে।”

Leave a Comment