প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, “যে পরিস্থিতিই হোক এবং যত চ্যালেঞ্জিংই হোক, আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে।”
বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আয়োজিত ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইউনূস বলেন, স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আজ আমরা একত্রিত হয়েছি। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ অপরিহার্য। এ ধরনের মানবসম্পদ গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় উন্নয়ন—কোথাও কাঙ্ক্ষিত সাফল্য আসবে না।
তিনি আরও বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দ্রুত বিস্তার লাভ করছে। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা, ভৌগোলিক প্রেক্ষাপট এবং সীমিত এলাকায় বিপুল জনসংখ্যার কারণে এ সংকট আরও প্রকট হয়ে উঠছে। তাই এটি শুধু স্বাস্থ্যখাত নয়, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের সঙ্গেও গভীরভাবে জড়িত।