আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৭১

০ মতামত 75 views

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ট্রাক, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও কিশোর রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে এ দুর্ঘটনা ঘটে বলে এএফপিকে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি।

প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, বাসটি ইরান থেকে কাবুলের উদ্দেশ্যে আসছিল। যাত্রীরা সবাই আফগান নাগরিক। বাসের অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাই দুর্ঘটনার মূল কারণ বলে তিনি উল্লেখ করেন।

শরণার্থীদের ফেরত যাত্রা

গত শতকের আশির দশকে সোভিয়েত আগ্রাসনের সময় বিপুল সংখ্যক আফগান ইরানে আশ্রয় নিয়েছিলেন। তবে চলতি বছরের শুরুতে ইরান সরকার শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এর পর থেকে জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ লাখ ৬০ হাজারের বেশি আফগান দেশে ফিরেছেন।

মঙ্গলবার দুর্ঘটনায় নিহত বাসযাত্রীরাও দীর্ঘদিন ইরানে শরণার্থী হিসেবে বসবাস করার পর সরকারি আদেশে আফগানিস্তানে ফিরছিলেন।

Leave a Comment