তিস্তায় ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

০ মতামত 84 views

উত্তর জনপদের দীর্ঘ প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী’ সেতুর স্বপ্নযাত্রা শুরু হলো আজ। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে তিস্তা নদীর ওপর নির্মিত এ সেতুটি।

বুধবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে সেতুটির উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উদ্বোধনের পরপরই ফিতা কেটে সাধারণ মানুষের জন্য সেতুর দ্বার খুলে দেওয়া হয়। মুহূর্তেই হাজারো মানুষ দলবেঁধে সেতুতে উঠে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। অনেকে ছবি তোলেন, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আসেন। ভিড় সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়।

উদ্বোধন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ গাড়িতে উঠে গাইবান্ধাবাসীর সঙ্গে করমর্দন করেন। এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, এলজিইডি কর্মকর্তা ও সেতু নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালের পর থেকেই সেতুর দুই পাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই সেতুর উদ্বোধনকে ঘিরে হাজারো মানুষের চোখে-মুখে ফুটে ওঠে স্বপ্নপূরণের আনন্দ।

Leave a Comment