ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টে যায়। এতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে যাত্রীছাউনির পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রাজধানীর বাড্ডার রায়ছা আক্তার (২০) নামে এক নারী আছেন। অপর দুইজন পুরুষের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিস জানায়, মাওয়ার দিক থেকে ঢাকাগামী প্রাইভেটকারটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথে আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।