হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় একটি সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ ঘটনায় একটি বাস ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে যায়। আহত হয়েছেন অন্তত ছয়জন।
আহতদের মধ্যে স্টেশনের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিন রয়েছেন। সবাইকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই পুরো স্টেশনে আগুন ছড়িয়ে পড়ে। এতে স্টেশনের ভবন ও গ্যাস নিতে আসা যানবাহনগুলো পুড়ে যায়। প্রাণ বাঁচাতে কয়েকজন কর্মী তিনতলা থেকে লাফিয়ে পড়ে আহত হন।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই ১১টি যানবাহনসহ পুরো স্টেশন পুড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।