রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) মারা গেছেন। টানা ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।
তাসনিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ফরিদপুরের মধুখালীতে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ২১ জুলাই দুর্ঘটনায় তাসনিয়ার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। সেদিনই তাকে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর আজ তিনি মারা গেলেন।
উত্তরার দিয়াবাড়িতে ২১ জুলাই বিমান বাহিনীর যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সে ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ইতোমধ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছিল। তাসনিয়ার মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬ জনে। তাদের বেশিরভাগই শিশু।