ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় একদিনে অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান আরও ২৪ জন, আর অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আটজনের।
সোমবার (২৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত ৬ আগস্ট থেকে চলমান অভিযানে গাজা শহরের জেতুন ও সাবরা মহল্লায় এক হাজারের বেশি ভবন ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছে বলে সংস্থাটির দাবি।
অবরুদ্ধ সড়ক ও টানা গোলাবর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। হাসপাতালে আহতদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জরুরি কর্মীদের অভিযোগ, গাজার কোথাও এখন নিরাপদ আশ্রয় নেই; উত্তর থেকে দক্ষিণ—সব জায়গায় ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র ও ত্রাণ শিবিরে হামলা চলছে।
চিকিৎসা সূত্র জানিয়েছে, রবিবারের হামলায় নিহতদের মধ্যে ২৭ জন গাজা শহরে এবং আরও ২৪ জন ত্রাণের অপেক্ষায় ছিলেন। ধ্বংস করা হয়েছে উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের কয়েকটি ভবনও।