রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে শুরু হয়েছে তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নিতে সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘ, বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা ও সরকারের উচ্চপদস্থ নীতিনির্ধারকেরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং আন্তর্জাতিক সহযোগিতা কামনা করবেন ড. ইউনূস।
‘স্টেকহোল্ডারস ডায়ালগ’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছে রোহিঙ্গা ইস্যুবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৪ আগস্ট শুরু হওয়া এ সম্মেলন চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। আজ দুপুর ১টার পর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গেল রমজানে জাতিসংঘ মহাসচিবকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প সফর করেন ড. ইউনূস। তখন তিনি বলেছিলেন, আগামী ঈদ যেন রোহিঙ্গারা নিজ দেশে উদযাপন করতে পারে। সেই লক্ষ্যেই রোহিঙ্গা ইস্যুতে ধারাবাহিকভাবে তিনটি আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা নিয়েছে সরকার।