হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এ বছর আখের বাম্পার ফলন হয়েছে। ফলে খুশিতে ভাসছেন স্থানীয় কৃষকরা।
উপজেলার ধর্মঘর, চৌমুহনী ও বহরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ব্যাপক হারে আখের ফলন হয়েছে। বিশেষ করে আউলিয়াবাদ, রাজাপুর, মনতলা ও হরুষপুরে দ্বিগুণ হারে ফলন পেয়ে আনন্দিত কৃষকরা।
আখচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর সময়মতো আখ রোপণ এবং সঠিক পরিচর্যার কারণে ফলন ভালো হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে ন্যায্য দামে আখ কিনে নিচ্ছেন, এতে কৃষকেরা আরও উৎসাহিত হয়েছেন।
আখচাষি নানু মিয়া বলেন, “আমি ২ বিঘা জমিতে আখ চাষ করেছি। আশা করছি গত বছরের তুলনায় এবার ভালো লাভ হবে। যে পরিমাণ কষ্ট করেছি, তার ফল হাতে পেয়েছি। আখের বাম্পার ফলনে আমরা সবাই খুবই খুশি।”
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। তিনি বলেন, “চাষিরা নিয়মিত কৃষি দপ্তরের পরামর্শ নিয়েছেন এবং নিজেরাও পরিশ্রম করেছেন। এর ফলে বিভিন্ন এলাকায় আখের ভালো ফলন হয়েছে। এটি মাধবপুরের কৃষিতে বড় একটি অর্জন।”