শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে দলটি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের একজন দায়িত্বশীল নেতা জানান, পদ স্থগিতের চিঠি ফজলুর রহমানের কাছে পৌঁছে দেওয়া হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন। এরপর গত সোমবার তাকে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়। তবে মঙ্গলবার (২৬ আগস্ট) তিনি যে জবাব দিয়েছেন, তা দলীয়ভাবে সন্তোষজনক বিবেচিত হয়নি।
তবে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর মুক্তিযুদ্ধে অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে তিন মাসের জন্য তার দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।